তরুণ প্রজন্মের শারীরিক-মানসিক সুস্থতা ও নৈতিক-আধ্যাত্মিক উন্নতিতে আনন্দযোগের ভূমিকা শীর্ষক কর্মশালা
তরুণ প্রজন্মের শারীরিক-মানসিক সুস্থতা ও নৈতিক-আধ্যাত্মিক উন্নতিতে আনন্দযোগের ভূমিকা শীর্ষক কর্মশালা
বিশ্ব আনন্দযোগ সংঘ এর উদ্যোগে গোপালগঞ্জের শ্রী রাই রসরাজ আশ্রমে সফলভাবে অনুষ্ঠিত হলো “তরুণ প্রজন্মের শারীরিক-মানসিক সুস্থতা ও নৈতিক-আধ্যাত্মিক উন্নতিতে আনন্দযোগের ভূমিকা” শীর্ষক কর্মশালা।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক ছাত্র-যুবক, তরুণ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মশালার সভাপতিত্ব করেন শ্রী যুগল কৃষ্ণ ঠাকুর এবং সঞ্চালনা করেন বিশ্ব আনন্দযোগ সংঘ গোপালগঞ্জ শাখার সমন্বয়ক শ্রী দেবাশীষ চক্রবর্তী।
মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতা পাঠ, উদ্বোধনী সংগীত এবং বিশিষ্ট সমাজকর্মী ও বিশ্ব আনন্দযোগ সংঘ গোপালগঞ্জ জেলার আহ্বায়ক শ্রী বিমল বিশ্বাসের প্রাণবন্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনন্দযোগ ও ওয়েলনেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যোগ ও জীবনশৈলী-বিষয়ক লেখক, গবেষক ও প্রশিক্ষক যোগাচার্য শ্রী শংকর। তিনি তরুণ প্রজন্মের বহুমুখী সংকট তুলে ধরে শারীরিক-মানসিক সুস্থতা ও নৈতিক-আধ্যাত্মিক উন্নয়নে আনন্দযোগের গুরুত্ব সম্পর্কে বৈজ্ঞানিক, দার্শনিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিস্তৃত আলোচনা করেন। পাশাপাশি তিনি আসন, প্রাণায়াম ও ধ্যান অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেন এবং সুস্থ ও সৃজনশীল জীবনযাপনের জন্য অনুপ্রাণিত করেন।
উপস্থিত সবাই যোগাচার্য শ্রী শংকরের অনুপ্রেরণাদায়ক বক্তব্য ও ব্যবহারিক অনুশীলনে গভীরভাবে প্রভাবিত হন এবং আনন্দযোগের কার্যক্রমকে দীর্ঘস্থায়ী ও সর্বজনীন করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপনীতে বিশ্ব আনন্দযোগ সংঘ গোপালগঞ্জ শাখার পক্ষ থেকে ঘোষণা করা হয়, শিগগিরই এখানে “সার্টিফিকেট ইন বেসিক আনন্দযোগ কোর্স” চালু হবে। আগ্রহী শিক্ষার্থী ও তরুণদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়।
ধন্যবাদান্তে
শ্রী দেবাশীষ চক্রবর্তী
সমন্বয়ক
বিশ্ব আনন্দযোগ সংঘ, গোপালগঞ্জ
২২ সেপ্টেম্বর ২০২৫